
নিউজ ডেস্কঃ পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে সূর্যের উজ্জল কিরণও নেই। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে, এতে বেড়ে গেছে শীতের অনুভূতি।
আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশা এবং মেঘের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আগামী দু'দিনে পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এই অবস্থায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা-গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।