
নিউজ ডেস্কঃ পিকআপ ভ্যান ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশের গ্লাস ও রড ভেঙে পেটে ঢুকে বাসের চালক খায়রুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলামের বাড়ি নীলফামারী সদর উপজেলার দক্ষিণ হাজরা গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে রংপুর থেকে ছেড়ে আসা রাবেয়া এন্টারপ্রাইজ নামের একটি বাস নীলফামারী যাচ্ছিল। পথে খিয়ারজুম্মা এলাকায় সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশের খেতে নেমে যায়। এসময় বাসের সামনের গ্লাস ও রড ভেঙে বাসের চালক খায়রুল ইসলামের পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে।