
নিউজ ডেস্কঃ এক দফার আন্দোলন নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশনে ‘বেদনার্ত’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তাদের সমস্যা সমাধানে আলোচনার জন্য আমি প্রস্তুত আছি। তারা যখনই চাইবে তখনই আলোচনায় বসব।
বিশ্ববিদ্যালয়টির অচলাবস্থা নিরসন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, একজন উপাচার্য চলে গেলে তো আরেকজন আসবেন। কিন্তু সমস্যাই যদি থেকে যায় তাহলে তো কোনো লাভ হলো না। শিক্ষার্থীদের আন্দোলনের অষ্টম দিনে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল বুধবার ভোরে ক্যাম্পাসে পৌঁছে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভেঙে তাদের দাবি পূরণে সরকারের পক্ষে আশ্বাস দেন।