
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বাংলাদেশেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নানা ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছে। ওমিক্রন নিয়ে জাপানি বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, করোনার আগের ধরন ডেল্টার চেয়ে বেশি দিন বাঁচতে পারে ওমিক্রন। ভাইরাসটি প্লাস্টিকের ওপরে ৮ দিন এবং মানুষের ত্বকে ২১ ঘণ্টা বেঁচে থাকে। কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ মেডিসিনের এক দল গবেষক জানিয়েছেন, একাধিক পরীক্ষাগার পরীক্ষার পর দেখা গেছে, করোনাভাইরাসের মূল স্ট্রেনের (উহান) চেয়ে অনেক বেশি সময় বেঁচে ছিল।
জাপানি গবেষকদের প্রতিবেদন বলছে, প্লাস্টিক ও মানুষের ত্বকের উপরিভাগে ওমিক্রনের সক্রিয়তার হার দ্বিগুণ। মানুষের ত্বকে ডেল্টা যেখানে ১৬ ঘণ্টা সক্রিয় থাকত, সেখানে ওমিক্রন থাকে প্রায় ১ দিন। প্লাস্টিকের ওপরে উহানে শনাক্ত হওয়া ধরন বেঁচে থাকার সময় ৫৬ ঘণ্টা, আলফা ধরণ ১৯১ দশমিক ৩ ঘণ্টা, বিটা ১৫৬ দশমিক ৬ ঘণ্টা, গামা এবং ডেল্টা ধরন গড়ে বেঁচে ছিল যথাক্রমে ৫৯ দশমিক ৩ ঘণ্টা এবং ১১৪ ঘণ্টা।