
নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অসংক্রামক ব্যাধিজনিত অকাল মৃত্যু হ্রাস করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, আমাদের পর্যাপ্ত হাঁটার জায়গা নেই, পর্যাপ্ত পার্ক নেই, উদ্যান নেই, খেলার জায়গা নেই। এগুলো আমাদেরকে এখন করতে হবে। সেজন্য আমরা ৩০ বছর মেয়দি মহাপরিকল্পনা প্রণয়ন করছি। যাতে ২০৫০ নাগাদ এই অবকাঠামোগুলো আমরা বৃদ্ধি করতে পারি। কারণ, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ করতে হলে আমাদেরকে এই সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি আরও বলেন, সরকারকে সহযোগীতা করতে হবে। যাতে ক্যন্সার, ডায়াবেটিসএবং উচ্চ রক্তচাপজনিত ব্রেইন স্ট্রোক ইত্যাদি অসংক্রামক ব্যাধি নির্মূল করা যায়, কমিয়ে আনা যায়। এর ফলে, অকালে যে মৃত্যু হচ্ছে তা আমরা কমিয়ে আনতে পারব এবং এর মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।