
নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১১ সালের ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মাদ্রাসা ময়দানের জনসভায় রাজশাহীর মাটিতে হাইটেক পার্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে রাজশাহী পদ্মাপাড়ে ৩০ একর জমির ওপর হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে। খুব অল্প দিনের মধ্যে রাজশাহী একটি প্রযুক্তি নগরী হিসেবে গড়ে উঠবে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক আয়োজিত স্টার্টআপ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। জুনাইদ আহমেদ পলক বলেন, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের রূপকল্প বাস্তবায়িত হচ্ছে সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে। 'আমরা শিল্প বিপ্লবের অংশ হবো না, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেব' সজিব ওয়াজেদ জয়ের এই উক্তি উল্লেখ করে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন উদ্ভাবন খুঁজতে হবে, নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আজকে যারা স্টার্টআপ, চতুর্থ শিল্পবিপ্লবে তারাই বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেবে। তাই বাংলাদেশের স্টার্টআপদের জন্য সব ধরণের সুবিধা আইসিটি বিভাগ থেকে দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।