News71.com
 Bangladesh
 29 Jan 22, 11:31 AM
 189           
 0
 29 Jan 22, 11:31 AM

২০০ মেট্রিক টন আখের রস ড্রেনে ফেলায় পাঁচ কর্মকর্তাকে শোকজ॥

২০০ মেট্রিক টন আখের রস ড্রেনে ফেলায় পাঁচ কর্মকর্তাকে শোকজ॥

নিউজ ডেস্কঃ নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে যান্ত্রিক ত্রুটিসহ কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত ও মাড়াইকৃত প্রায় ২০০ মেট্রিক টন আখের রস ও সিরাপ ড্র্রেনে ফেলে দেওয়ার (ড্রেনআউট) অভিযোগে পাঁচ কমকর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে ওই শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করে বলেন, শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে। শোকজ প্রাপ্ত কর্মকর্তারা হলেন- ফ্যাক্টরি ম্যানেজার, ডেপুটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যানেজার (উৎপাদন) ও দু’জন ডেপুটি ম্যানেজার (উৎপাদন)।

মিলের এমডি বলেন, গত মঙ্গলবার (২৫ জানুয়ারী) দিনগত রাতে বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে টানা ৭ ঘণ্টা মিলে আখ মাড়াই কার্যক্রম বন্ধ ছিল। ফলে এই সময়ে মাড়াইকৃত আখের রস ড্রেনে ফেলে দেওয়া হয়। এর আগেও চলতি মৌসুমের গত ৫ ও ৭ ডিসেম্বর রাত দুইটা হতে ভোর ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা করে মাড়াই বন্ধ থাকে। সেসময়ও একইভাবে মাড়াইকৃত রসসহ তরল চিনি ফেলে দেওয়া হয়। কারন উল্লেখ করে তিনি আরও বলেন, ওইদিন ফ্যাক্টরির ফ্যান বোর্ডে ত্রুটি দেখা দেওয়ায় স্টিম উৎপাদন বন্ধ ছিল। এতে জরুরী বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে মঙ্গলবার রাতে টানা ৭ ঘণ্টা আখ মাড়াই বন্ধ রাখতে হয়। এতে মিলের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন