News71.com
 Bangladesh
 29 Jan 22, 10:12 PM
 193           
 0
 29 Jan 22, 10:12 PM

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম॥ তাপমাত্রা ৭ ডিগ্রি

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম॥ তাপমাত্রা ৭ ডিগ্রি

নিউজ ডেস্কঃ মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকাসহ ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতের দাপটে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম। শনিবার (২৯ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৮ জানুয়ারি) তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করছে। নদীপথে ঘন কুয়াশা থাকায় নৌযান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না যাত্রীরা। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

এদিকে সদ্য বেড়ে ওঠা আলু ক্ষেতে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ছত্রাকের আক্রমণ থেকে আলু ক্ষেত রক্ষায় ঘন ঘন ছত্রাকনাশক স্প্রে করতে হচ্ছে কৃষকদের। লাল হয়ে যাচ্ছে বোরো বীজতলা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতজনিত রোগ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। জেলার হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। ২৫০ শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ২৯৬ জন। এরমধ্যে ১২ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ৩৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ৩৬ জন শিশু। এছাড়া নবজাতকসহ ৪২ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৪৮ জন। এর মধ্যে আটজন নিউমোনিয়ায় আক্রান্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন