News71.com
 Bangladesh
 30 Jan 22, 09:39 PM
 171           
 0
 30 Jan 22, 09:39 PM

উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা দক্ষ জনশক্তির অভাব॥ এফবিসিসিআই সভাপতি

উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা দক্ষ জনশক্তির অভাব॥ এফবিসিসিআই সভাপতি

নিউজ ডেস্কঃ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, সরকার ঘোষিত বিভিন্ন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে শিল্পায়নের বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে বেসরকারি খাতের উদ্যোক্তারা। কিন্তু এক্ষেত্রে দক্ষ জনশক্তির অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।রোববার (৩০ জানুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি ও ভিশন ২০৪১ অর্জন বিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, পোশাক কারখানাগুলো ১৫ থেকে ২০ শতাংশ দক্ষ জনশক্তি ঘাটতিতে রয়েছে। ব্যবস্থাপনার বিভিন্ন পদে বিদেশিদের ওপর নির্ভর করতে হচ্ছে উদ্যোক্তাদের। দেশে উচ্চশিক্ষিত তরুণদের অভাব না থাকলেও শিল্পের প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে। সরকারের অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও, সেসব প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। সরকারে বিভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবশ্যই দক্ষ জনশক্তি তৈরিতে মনোযোগ দিতে হবে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা কারিকুলামকে শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি হয়ে পড়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও গতিশীল করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন