
নিউজ ডেস্কঃ তিন ব্যাংককে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের ৫৬ কোটি ৮৫ লাখ ৬৭ হাজার টাকা ছাড় করতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক তিনটি হল- ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। রোববার (৩০ জানুয়ারি) এ তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) টাকা ছাড়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ টাকাগুলো এ তিন ব্যাংককে কিউকমের পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার করপোরেশনের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবে জমা রয়েছে।
এ চিঠিতে বলা হয়েছে, ব্যাংক এশিয়ার গুলশান শাখায় কিউকমের সবচেয়ে বেশি ২৯ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা জমা রয়েছে। গ্রাহকরা মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ, বিকাশ, ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট এবং শিওরক্যাশের মাধ্যমে কিউকমের কাছ থেকে পণ্য ক্রয়ের আদেশ দিয়েছিলেন। তবে গ্রাহকরা পণ্য পাননি। এদিকে ইসলামী ব্যাংকের বাড্ডা শাখায় ১৫ কোটি এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের গুলশান শাখায় ১২ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা আটকে রয়েছে। নগদের কাছ থেকে এ দুই ব্যাংকের আটকে থাকা টাকা এসেছে। ফস্টারের ব্যাংক হিসাবে জমা থাকা কিউকমের গ্রাহকদের এ টাকা ফেরত দিতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।