
নিউজ ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় সালিশ বৈঠকের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে বউকে ফেরত দেওয়ার জন্য ভাগিয়ে নিয়ে যাওয়া ছেলের পরিবারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বউকে উপস্থিত করতে না পারলে ছেলের বাবাকে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই মেয়ের স্বামী শাহিন ফকির বলেন, আনিস মাতুব্বর আমার স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে গেছে। আমার স্ত্রী সে সময় তিন ভরি গহনা এবং নগর দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আনিস এর আগেও ভাঙ্গা থেকে একটি নারীকে একইভাবে ভাগিয়ে নিয়ে এসে তার সব টাকা আত্মসাৎ করে পরে তাকে তাড়িয়ে দেয়। সালিশ বৈঠকের মাধ্যমে সে ঘটনার সমাধান হয়।