
নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের দুটি লকারের পাসওয়ার্ড না পেয়ে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার (৩১ জানুয়ারি) ভাঙা হয়েছে সেই দুটি লকার। আদালতের নির্দেশনায় গঠিত বোর্ডের পাঁচ সদস্যই এ সময় উপস্থিত ছিলেন। তারা ভেবেছিলেন অনেক টাকা থাকবে। কিন্তু লকার ভাঙার পর দেখা যায়, দুই লকার মিলেছে দেড় শতাধিক বিভিন্ন ব্যাংকের চেকবই। প্রথম লকারে মেলেনি টাকা, দ্বিতীয় লকারে মিলেছে মাত্র ২ হাজার ৫৩০ টাকা।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ধানমন্ডি ইভ্যালির কার্যালয়ের দুটি লকার ভাঙা শেষে সাংবাদিকদের হতাশার কথা জানান বোর্ড চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুটি লকারে ভাঙা হয়। আপনারা সবাই দেখেছেন সেখানে কী কী পাওয়া গেছে। আমরা অবশ্যই হতাশ। আমরা আশা করেছিলাম, এখানে অনেকগুলো টাকা পাওয়া যাবে। যেহেতু সিন্দুক, সিন্দুকে টাকাই থাকে। কিন্তু আমরা সেখানেই ২ হাজার ৫শ ৩০ টাকার মত পেয়েছি যে কারণে আমরা হতাশ।