
নিউজ ডেস্কঃ ইভ্যালির ওয়েবসাইটের সার্ভার দেখভালের দায়িত্বে রয়েছে অ্যামাজন। বন্ধ থাকা সেই সার্ভার সচল করতে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেছে আদালতের নির্দেশনায় গঠিত ইভ্যালি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বোর্ড। ইভ্যালির বন্ধ সার্ভার সচল করতে অ্যামাজন দাবি করেছে ৬ কোটি টাকা। এ তথ্য জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ধানমন্ডি ইভ্যালির কার্যালয়ের দুটি লকার ভাঙার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এটা নিয়ে অ্যামাজনের সঙ্গে যোগাযোগ ও দর কষাকষি চলছে। সার্ভার চালু না হলে অডিট করাও সম্ভব না। জানা সম্ভব না ঠিক কী পরিমাণ গ্রাহকের পণ্য ও টাকা আটকা রয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, ইভ্যালির সার্ভার বন্ধ। এটি পরিচালনা করত অ্যামাজন। আমরা অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেছি ইভ্যালির সার্ভার চালু করার জন্য। কিন্তু তারা ৬ কোটি টাকা দাবি করেছে। তারা বলেছে, ইভ্যালির কাছ থেকে তারা ৬ কোটি টাকা পায়। সেই টাকা না পাওয়া পর্যন্ত তারা ইভ্যালির সার্ভার চালু করবে না। আমরা গত তিনমাস ধরে চেষ্টা করে আসছি অ্যামাজনের মাধ্যমেই ইভ্যালির সার্ভারটি চালু করা যায় কি না।