
নিউজ ডেস্কঃ ক্যাম্পাসে ট্রাক চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের মৃত্যুর প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে সেখানে উপস্থিত হন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে শিক্ষার্থীরা তার কথা শুনেন নি। মেয়র বক্তব্য দিতে এলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন।
জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে রাত দেড়টার দিকে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিবিদরা সেখানে আসেন। এ সময় মেয়রকে দেখে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন। শিক্ষার্থীরা মেয়রকে উদ্দেশ্যে করে বলেন বলেন, ‘মেয়র আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ নয়। উনি কেন এখানে আসবেন? আমরা উনার কোনো কথা শুনতে চাই না।’ এ সময় আমার ভাইয়ের হত্যা নিয়ে রাজনীতি চলবে না বলে স্লোগান শুরু করেন তারা।