
নিউজ ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ বাড়তে পারে। দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। বুধবার (০২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। এ জন্য হয়তো ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটি ছুটি বাড়বে কিনা এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে এবং পরে তা জানিয়ে দেওয়া হবে। এর আগে, আগামী ৬ ফেব্রুয়ারির পর আংশিকভাবে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরুর আভাস পাওয়া গিয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাসংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্তের কারণে ৬ ফেব্রুয়ারির পর আংশিকভাবে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরুর আভাস মেলে।