
নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। বাড়ছে মৃত্যুও। গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টায় এই করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছিল। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়াও করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের দু'জনের বাড়ি রাজশাহীতে। অন্যজন নটোর জেলার বাসিন্দা। এই পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ ও দু'জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩০ বছরের মধ্যে। দু'জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং দু'জনের বয়স ৬১ বছরের ওপরে।