
নিউজ ডেস্কঃ দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেন স্থানীয় কয়েকজন তরুণ। এ ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় আড়াই ঘণ্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়েন আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সবুজ হোসেন ও ভাস্কর্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলহাজ মোল্লা মোটরসাইকেলযোগে গল্লামারী থেকে ময়লাপাতার দিকে যাছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীদের সঙ্গে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ড হয়। প্রাইভটকারের চালক ও স্থানীয় কয়েকজন যুবক মিলে তাদের মারধর করেন এবং একজনকে জোর প্রাইভেটকারে তুলে ময়লাপাতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তখন ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান। পরে ওই দুই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাস থেকে অন্য ছাত্রদের নিয়ে দুপুর ২টা থেকে গল্লামারী মোড়ে সড়ক অবরাধ করেন।