News71.com
 Bangladesh
 05 Feb 22, 06:32 PM
 167           
 0
 05 Feb 22, 06:32 PM

সরকারের সার্চ কমিটি নিয়ে বিএনপির আগ্রহ নেই॥ ইকবাল হাসান মাহামুদ টুকু

সরকারের সার্চ কমিটি নিয়ে বিএনপির আগ্রহ নেই॥ ইকবাল হাসান মাহামুদ টুকু

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের দলের বক্তব্য খুব পরিষ্কার। আমরা মনে করি এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সেটা সার্চ কমিটি হোক আর যেই হোক। এ সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে যাব না, এ নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সুতরাং এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সার্চ কমিটি কেমন হয়েছে জানতে চাইলে টুকু বলেন, এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। সুতরাং কে থাকলো আর কে থাকলো না সেটা বিষয় না। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী না। আমাদের কথা হলো যে এমন একটি সরকার ও প্রশাসনের অধীনে নির্বাচন হবে যে প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। যেটা ১৯৯১, ১৯৯৬ ও ২০০২ সালে হয়েছে। এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ সরকারতো অনেক কিছুই বলে। এর আগেও বলেছিল এখন যারা আছে তারা নিরপেক্ষ লোক। নিরপেক্ষভাবে কাজ করবে। তারপরে আমরা যে কমিশন পেয়েছিলাম সেটা বোধহয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কমিশন ছিল। আর সবচেয়ে বড় কথা দেখা যাক কী হয়?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন