
নিউজ ডেস্কঃ সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবে পিরোজপুরের মঠবাড়িয়ার ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার ও দুইজন নিখোঁজ রয়েছেন।রোববার (০৬ ফেব্রুয়ারি) নিহতের মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে। নিহত ইসমাইল হোসেন উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে। নিখোঁজ আলমগীর হোসেন সর্দার উপজেলার ছোটমাছুয়া গ্রামের নুরুল ইসলাম সর্দারের এবং মো. বাচ্চু মিয়া (২৮) একই গ্রামের মৃত হাকিম হোসেনের ছেলে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, গত প্রায় ১০ দিন আগে স্থানীয় ট্রলার মালিক মো. হারুনের মাছ ধরার ট্রলারে স্থানীয় ১০ জেলে মাছ ধরতে সাগরে যান।কিন্তু গত শুক্রবার রাতে তারা ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা অন্যরা সাঁতরে উপরে উঠলেও ইসমাইল হোসেনসহ ৩ জন নিখোঁজ হন। গত শনিবার রাতে জেলেরা ইসমাইলের মরদেহ সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। তাকে রোববার সকালে নিজ বাড়িতে দাফন করা হয়।