
নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানার মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার পর এবার স্থায়ী জামিন পেয়েছেন শবনম ফারিয়া। হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষে রোববার (০৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন শবনম ফারিয়া। শুনানি শেষে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত শবনম ফারিয়ার জামিন মঞ্জুর করেন। একই আদালত গত ৩ ফেব্রুয়ারি মিথিলারও স্থায়ী জামিন মঞ্জুর করেন।
ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ইশারত আলী জামিনের বিষয়টি জানান। গত ১৩ ডিসেম্বর শবনম ফারিয়ার ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। ওইদিন মিথিলাও ৮ সপ্তাহের জামিন পান। গত বছর ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।