
নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ তবে আইনি কাঠামোর প্রতি নেতিবাচক মনোভাবের ধারাবাহিকতায় সার্চ (অসুন্ধান) কমিটিকেও বিএনপি প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বলে জানান তিনি। রোববার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান ওবায়দুল কাদের৷ বিবৃতিতে অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতি এই কমিটির সুপারিশকৃত তালিকা থেকে নতুন ইসি গঠন করবেন। সম্প্রতি ইসি গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। স্বাধীনতার পর এবারই প্রথম সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে ইসি গঠন করা হবে। অনুসন্ধান কমিটির সদস্যদের আইনি কাঠামোর মধ্যে থেকে নির্মোহভাবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে। অথচ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনগত বিষয়টি তোয়াক্কা না করে সার্চ কমিটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্থহীন বলে মন্তব্য করেছেন।