
নিউজ ডেস্কঃ সংঘাতের শঙ্কা নিয়ে শুরু হয়েছে সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট দিতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। নির্বাচনী প্রস্তুতি আগেই নেওয়া হলেও সকালে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয় বলে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি, কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
এদিকে ভোটকেন্দ্রে সংঘাত এড়াতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে ৬ সদস্যের পুলিশ টিম। এছাড়াও ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাবের ৬টি টহল টিম দায়িত্ব পালন করছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শিবলী নোমান বলেন, নির্বাচনে ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ, ৮৮টি গুরুত্বপূর্ণ এবং ১০টিকে সাধারণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং আনসার মাঠে রয়েছে।