
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, যারা ইমানদারির সঙ্গে বেইমানি করেছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী তারা প্যানেল দেবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের ভেতরে যারা বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা চেষ্টা করবে বিভেদ তৈরি করার। এটা যেন কোন অবস্থাতেই না হয়। আপনারা এই জায়গাটায় খেয়াল রাখবেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলায় আইনজীবী সমিতির নবনির্বাচিতরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন।
এমপি শামীম ওসমান বলেন, যারা আগের প্যানেলে ছিল মুহসিন, মাহবুবসহ তারা ভালো কাজ করেছেন বলেই আমরা রেজাল্ট পেয়েছি। আমাদের খোকন সাহা, মাসুদ ভাই, শামসুল ইসলাম ভূইয়াসহ যারা এই টিমটা সাজিয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। যারা নবনির্বাচিত তাদের প্রতি অনুরোধ কোন সিদ্ধান্ত যেন এমন না হয় যে এটা আমাদের কমিটি আমরাই সিদ্ধান্ত নেব। যারা নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে পরিচালনা করবেন এসব নেতাদের সঙ্গে আলোচনা করেই সব প্রোগ্রাম নেওয়া দরকার।