
নিউজ ডেস্কঃ মেড ইন বাংলাদেশ এর রফতানির পোশাক নিয়ে ইতালি অভিমুখে রওনা দিয়েছে ‘এমভি সোঙ্গা চিতা’ জাহাজটি।বাংলাদেশ-ইতালি সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়ে নতুন দিগন্ত খুলে গেল পোশাক রফতানিতে। এর ফলে রফতানির পোশাক ইউরোপ পৌঁছাতে দুই সপ্তাহ সময় লাগবে, খরচ কমবে ৩০-৪০ শতাংশ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ৪৯৩ বক্সে ৯৫০ টিইইউস নিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি ত্যাগ করে জাহাজটি। এর আগে এনসিটি জেটিতে বাংলাদেশ-ইতালি রুটে জাহাজ চলাচল কার্যক্রম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তিনি বলেন, বাংলাদেশ-ইতালি সরাসরি জাহাজ চলাচল আমাদের অর্থনীতিতে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। পোশাক রফতানির গুরুত্ব বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ ইতালি-চট্টগ্রাম রুটের জাহাজকে বার্থিং, কি গ্যান্ট্রি ক্রেন বরাদ্দসহ সব সুযোগ-সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে।