
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়নের কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়ন করে দুবাই ও সিঙ্গাপুরের মানে উন্নীত করার মাস্টারপ্ল্যান করা হচ্ছে।’ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
গত ২৫ জানুয়ারি অ্যানথ্রাক্সে সংক্রামিত হয়ে একটি সিংহী মারা যায়। এ প্রসঙ্গে প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম বলেন, ‘এখানে একটি প্রাণী তাৎক্ষণিকভাবে মারা গেছে। এটির ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন দেশের দুটি প্রতিষ্ঠান থেকে এনেছি। প্রতিবেদনে সংক্রমণের কথা বলা হয়েছে। প্রয়োজনে তৃতীয় প্রতিবেদন আনা হবে এবং তাতেও সন্তুষ্ট না হলে প্রয়োজনে দেশের বাইরে প্রতিবেদনের জন্য পাঠানো হবে।’ এ সময় মন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর খাঁচা ঘুরে ঘুরে দেখেন। সেইসঙ্গে চিড়িয়াখানায় দায়িত্বরত কর্মকর্তাদের কাছে নানা বিষয়ে খোঁজখবর নেন।