News71.com
 Bangladesh
 08 Feb 22, 11:31 PM
 142           
 0
 08 Feb 22, 11:31 PM

রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনা হবে॥ মেয়র তাপস  

রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনা হবে॥ মেয়র তাপস   

নিউজ ডেস্কঃ প্রকৃত রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ডিএসসিসির দ্বিতীয় পরিষদের দ্বাদশ বোর্ড সভায় তিনি এই ঘোষণা দেন। মেয়র বলেন, দীর্ঘদিন পর আমরা রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় এনেছি। এখন আইন অনুযায়ী চালকদের অনুমতি বা নিবন্ধনের প্রক্রিয়া আরম্ভ করব। দীর্ঘদিন পরে যেহেতু রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, সে জন্য আমাদেরকে নতুন করে সফটওয়্যার করতে হয়েছে। তারপর নিবন্ধন সংক্রান্ত তথ্য-উপাত্ত সন্নিবেশ করতে হয়েছে।

এ কারণে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু এখন এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এটা শেষ করে আমরা প্রকৃত রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনব। অবৈধ রিকশার বিরুদ্ধে কাউন্সিলরদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের মাত্র দু'জন ম্যাজিস্ট্রেট, তারা ঢাকা শহরের কোন দিকে যাবে? তারপরও তারা বলিষ্ঠভাবে অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। কিন্তু তাদের আরও অনেক বিষয় দেখতে হয়। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম থেকে শুরু করে অবৈধ উচ্ছেদও করতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন