
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে, শান্তিপূর্ণ ভাবে নারায়ণগঞ্জে নির্বাচন সম্পন্ন হয়েছে।’বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি অভিনন্দন জানাই বাংলাদেশের, বিশেষ করে নারায়ণগঞ্জের সকল মানুষকে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমি মনে করি একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। অত্যন্ত স্বচ্ছতার সাথে, শান্তিপূর্ণ ভাবে নারায়ণগঞ্জে নির্বাচন সম্পন্ন হয়েছে।’শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জবাসী নৌকার মার্কায় আমাদের প্রার্থী আইভীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আওয়ামী লীগসহ অন্যান্য দলের কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ’ জনপ্রতিনিধিদের জনকল্যাণে কাজ করার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘একটি কথা মনে রাখতে হবে, জনগণ ভোট দিয়েছে, আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, জনগণের সেই আস্থা-বিশ্বাসকে মূল্যায়ন করতে হবে।’