
নিউজ ডেস্কঃ মোবাইল ভেটেরিনারি ক্লিনিক দেশের প্রাণিসম্পদ খাতে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, আগে প্রাণীকে নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে, এখন ডাক্তার চলে যাবে প্রাণীর কাছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় দেশের প্রান্তিক খামারিদের দোরগোড়ায় আধুনিক ও জরুরি প্রাণিচিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায়। তিনি বিশ্বাস করেন সব জীবের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
শ ম রেজাউল করিম বলেন, প্রাণীর তাৎক্ষণিক চিকিৎসায় আমরা প্রান্তিক খামারিদের কাছে ভেটেরিনারি ক্লিনিক পৌঁছে দিচ্ছি। প্রথম পর্যায়ে আজ ৬১টি উপজেলায় ৬১টি ক্লিনিক বিতরণ করা হচ্ছে। পরবর্তী ধাপে আরও ১৮০টি ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হবে। শেষ ধাপে আরও ১১৯টি ক্লিনিক বিতরণ করা হবে। ৬১টি জেলায় মোট ৩৬০টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হবে। পর্যায়ক্রমে যেখানে পশুপাখির চিকিৎসা প্রয়োজন সেখানে আমরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক আমরা পৌঁছে দেবো। পশুপাখির চিকিৎসায় সব আধুনিক মেডিকেল সুবিধা এ ভ্রাম্যমাণ ক্লিনিকে থাকবে।