
নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দা উপজেলার প্রাসাদপুরে দুটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা দুটির মালিক। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মান্দা ও নওগাঁ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা দুটির মালিক। কারখানাটি স্থানীয় প্রসাদপুর এলাকার ইনডেক্স কলেজের পেছনে অবস্থিত।
কারখানা দুটির মালিক উপজেলার ছোট বেলালদহ গ্রামের সৌদি প্রবাসী আয়নাল হকের স্ত্রী মোর্শেদা খাতুন এবং বড়পই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী নুরুন্নাহার বিবি জানান, রাত ১০টার দিকে আমরা নিজ বাড়িতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এর পর রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজনকে সংবাদ দেন। ততক্ষণে কারখানার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। দুটি কারখানা মিলে আমাদের প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।