
নিউজ ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। মঙ্গলবার (১৭ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯’র বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন আদালতে দুদকের পক্ষে সময় আবেদন করেন আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার কিং। সময় আবেদনে বলা হয়, মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন অন্য মামলায় ব্যস্ত থাকায় সাক্ষ্য দিতে উপস্থিত হতে পারেননি।
আদালত এ আবেদন মঞ্জুর করে আগামী ৯ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
গত ৬ এপ্রিল একই আদালত নাজমুল হুদার বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে ১৭ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।২০২১ সালের অক্টোবর নাজমুল হুদাকে অভিযুক্ত করে এ মামলায় চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও দুদক পরিচালক বেনজীর আহম্মেদ। একই বছর ২৪ নভেম্বর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ চার্জশিট গ্রহণ করে মামলাটি পরবর্তী বিচারের জন্য বিশেষ জজ আদালত-৯ এ বদলির আদেশ দেন।