
নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে যাতায়াতে সরকারের নির্ধারিত টোল ‘অত্যন্ত বেশি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ মে) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে আমরা পুরোপুরি স্টাডি করিনি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে, অত্যন্ত বেশি নির্ধারণ করা হয়েছে। এতে করে যারা যাতায়াত করবেন তাদের আগে যে ব্যয় হতো তার থেকে অনেক বেশি ব্যয় হবে। যেমন অন্যান্য যে সেতু আছে, যমুনা সেতুতে পারাপারে যে টোল নেওয়া হয় তার চেয়ে অনেক বেশি আনুপাতিক হারে পদ্মা সেতুতে বেশি, অল মোস্ট ডাবল। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী মোটর সাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা আর বড় বাসের টোল ২ হাজার ৪০০ টাকা।