News71.com
 Bangladesh
 19 May 22, 07:57 PM
 1017           
 0
 19 May 22, 07:57 PM

ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।।

ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন  চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।।

বিনোদন ডেস্কঃ বাংলাদেশে ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছেন নন্দিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাংলাদেশে শিশু ও নারীরা যে ধরনের সহিংসতার মুখোমুখি হয় তার বিরুদ্ধে ইউনিসেফের পক্ষে কথা বলবেন তিনি। বৃহস্পতিবার (১৯ মে) ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।  শুভেচ্ছা দূত হওয়া প্রসঙ্গে মিম বলেন, ‘সারাদেশে শিশুদের জন্য, তাদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে, ইউনিসেফ আমাদের সঙ্গে আছে। আমি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য ইউনিসেফের কাজে মুগ্ধ। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘শিশু ও নারীদের অধিকারের জন্য সোচ্চার হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি সেই দায়িত্ব ইউনিসেফের সঙ্গে একত্রে পালন করতে উন্মুখ।’ ইউনিসেফ বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত জীবনে মিম নিজেকে নারীর অধিকারের জন্য একজন অনুপ্রেরণাদায়ী সমর্থক এবং সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে মিম শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবেন, বিশেষ করে যেসব শিশু সবচেয়ে অবহেলিত। বাংলাদেশে শিশু ও নারীরা যে ধরনের সহিংসতার মুখোমুখি হয় তার বিরুদ্ধে তিনি ইউনিসেফের পক্ষে কথা বলবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন