
নিউজ ডেস্কঃ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ) বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) মাউশি এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে কী কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, ১৩ মে অনুষ্ঠিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনিবার্য কারণে বাতিল করা হলো।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য গত শুক্রবার ঢাকার ৬১টি কেন্দ্রে পরীক্ষা হয়। ৫১৩টি পদের জন্য পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার। ওই দিন রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সুমন জোয়াদ্দার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার প্রবেশপত্রের পেছনে ৭০ নম্বরের উত্তর লেখা ছিল। ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন, পরীক্ষা শুরুর ৪২ মিনিট আগে প্রশ্নপত্রের উত্তর পেয়েছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তাসহ আরও চারজনকে গ্রেফতার করা হয়।