
নিউজ ডেস্কঃ বছর ঘুরে আবার শুরু হলো সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করছে মৎস্য বিভাগ। এমন খবরে উপকূলের জেলেদের চোখে-মুখে পড়তে শুরু করেছে কষ্টের ছাপ! নিষেধাজ্ঞার কারণে গভীর সমুদ্র থেকে বৃহস্পতিবার (২৯ মে) রাতের মধ্যেই অধিকাংশ মাছ ধরা ট্রলার পাথরঘাটা বিএফডিসিসহ বিভিন্ন ঘাটে এসেছে। এসব ট্রলারের জেলেরা দীর্ঘদিন পর বাড়ি ফিরেছেন।
অনেক জেলেরা এ সুযোগে ট্রলার মেরামত করবেন। বছরজুড়ে ইলিশের আকাল থাকায় এর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় অনেকটা হতাশা প্রকাশ করেছে জেলেসহ মৎস্য ব্যবসায়ীরা। তবে নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ৮৬ কেজি করে চাল দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। গভীর সমুদ্র থেকে ফিরে আসা এফবি আব্দুল্লাহ-১ ট্রলারের মাঝি আবদুল্লাহ বলেন, সাগরে তেমন মাছ নেই। তাই আগে ভাগেই ট্রলার নিয়ে তীরে ফিরেছি। তিনি আরও বলেন, কিছুদিন আগে ২২ দিনের নিষেধাজ্ঞা গেল এখন আবার ৬৫ দিন। ৬৫ দিনে কোনো উপার্জন হবেনা, বেকার হয়ে থাকবো। পরিবার কি দিয়ে চালাবো চিন্তায় পড়ে গেলাম।