
নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বিশ্ব নেতাদের অবিলম্বে করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্থ বৈশ্বিক রসদ এবং সরবরাহ চেইন স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ মে) রাতে গণভবন থেকে ভার্চ্যুয়ালি জাতিসংঘ আয়োজিত ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ অন ফুড, এনার্জি অ্যান্ড ফাইন্যান্স (জিসিআরজি)’ এর প্রথম পর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবিলম্বে বৈশ্বিক রসদ এবং সরবরাহ চেইন স্বাভাবিক করা প্রয়োজন। এটি ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাহায্য করবে।
বৈশ্বিক বাণিজ্য এবং রপ্তানি আয় পুনরুজ্জীবিত করতে, বিশেষ করে স্বল্পোন্নত এবং অন্যান্য দুর্বল দেশগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, শুল্কমুক্ত-কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার এবং আরও সহজলভ্য অর্থায়নে উন্নত অর্থনীতির দেশ এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা বৈশ্বিক সংহতি জোরদার এবং একটি সু-সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, জি-৭, জি-২০, অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।