
নিউজ ডেস্কঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক দিনে ভোটগ্রহণ করার কথা ভাবছে নির্বাচন কমিশনও (ইসি)। এক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করে সুবিধা-অসুবিধা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন মহলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতে এমন ভাবছে নির্বাচন কমিশন (ইসি), যা রোববার (২২ মে) গণমাধ্যমকে লিখিত আকারে জানিয়েছে সংস্থাটি।
এতে উল্লেখ করা হয়েছে- নির্বাচন কমিশন স্টেকহোল্ডারদের মতামত ও পরামর্শসমূহ গুরুত্ব সহকারে পর্যালোচনা ও মূল্যায়ন করে দেখেছে। এ পর্যালোচনা ও মূল্যায়ন ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে। সময় ও পরিস্থিতি অনুযায়ী কমিশন যথাযথ করণীয় নির্ধারণ করে ব্যবস্থা গ্রহণ করবে। বিশিষ্টজনদের মতামত ও প্রস্তাবনাসমূহের বিষয়ে কমিশনের যা মনোভাব- ১. অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন আকাঙ্ক্ষা ও গুরুত্ব নির্বাচন কমিশন সর্বদা অনুধাবন করে থাকে। নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ করতে কমিশন সাধ্যমতো চেষ্টা করে যাবে। সব রাজনৈতিক দল বিশেষত: প্রধান প্রধান রাজনৈতিক দলকে অচিরেই সংলাপে আহ্বান করা হবে।