
নিউজ ডেস্কঃ ৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী শুক্রবার (২৭ মে) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।সিলেটে বন্যার কারণে পরীক্ষা নির্দিষ্ট দিনে হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা থাকলেও রোববার (২২ মে) পিএসসি ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আসন বিন্যাস প্রকাশ করেছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের উত্তরপত্র বিতরণ করা হবে। সকাল ১০টায় প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর ১২টায় পরীক্ষা শেষ হবে।২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের বেশ কিছু শর্ত মানতে হবে বলে জানিয়েছে পিএসসি।পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, সব প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।