
নিউজ ডেস্কঃ ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেনের মামলায় প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১০ আসামিকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (২৫ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। গত ২৭ মার্চ তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। বুধবার পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর গেজেট বিজ্ঞপ্তির এ আদেশ এলো। আগামী ৭ জুলাইয়ের মধ্যে বিজি প্রেসকে এ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।