
নিউজ ডেস্কঃ পরিবেশ রক্ষা করে যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৫ মে) সকালে গণভবনে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প নকশা পর্যবেক্ষণকালে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়’ এবং ‘রাজউক’ কর্তৃক প্রস্তাবিত ঢাকার শের-ই-বাংলা নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ; পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে ‘শেখ হাসিনা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ; কনজারভেশন অব ফ্লাড ফ্লো জোন অ্যাট তুরাগ রিভার অ্যান্ড কম্প্যাক্ট টাউনশিপ ডেভেলপমেন্ট এবং কেরানীগঞ্জ ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটি নির্মাণ প্রকল্পগুলোর স্থাপত্য-নকশার উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো প্রকল্প গ্রহণ করে সেখানে পরিবেশটা যাতে গুরুত্ব পায় সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’