
নিউজ ডেস্কঃ অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ভুক্ত দেশে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জনে শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা ও সক্ষমতা বাড়ানো এবং কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বুধবার (২৫ মে) মিসরের কায়রোতে অনুষ্ঠিত এবং অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর উইমেন ডেভেলপমেন্ট অরগানাইজেশন আয়োজিত ‘পরিবারের মধ্যে নারী ও মেয়েদের ক্ষমতায়নে পরিবার-ভিত্তিক নীতির ভূমিকা’ শীর্ষক অনলাইন সিম্পোজিয়ামে বাংলাদেশ শিশু একাডেমি থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান ও শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন ব্যক্তি এবং পরিবারের সদস্যদের উপলব্ধি, স্বামী-স্ত্রীর ইতিবাচক ভূমিকা, গৃহস্থালির কাজ ভাগাভাগি, সামাজিক রীতি-নীতি, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ এবং পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে জড়িত। এজন্য নারীদের প্রশিক্ষণ, উপযুক্ত শিক্ষা, টেকনিক্যাল সাপোর্ট, আর্থিক সহায়তা দেওয়া হবে। নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। পরিবার থেকেই নারীর ক্ষমতায়ন ও সমতা অর্জনের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।