
নিউজ ডেস্কঃ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নৌ পথের উন্নয়নে দৃষ্টি রাখেন। তার নেতৃত্বে ও নির্দেশনায় আমরা কাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। শনিবার (২৮ মে) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৌ-নিরাপত্তা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, ২০০৮ সালের আগে দেশে ড্রেজার ছিল ৮টি। গত ১৩ বছরে ৪৮টি ড্রেজার আমরা সংগ্রহ করেছি। আরও সংগ্রহ করা হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিলে দেশের ১০ হাজার কিলোমিটার নদী খনন। এখন পর্যন্ত ৭ হাজার কিলোমিটার খনন হয়েছে। নির্দিষ্ট সময়ে ১০ হাজার কিলোমিটারের বেশি খনন হবে। তিনি বলেন, আমরা নৌ-বন্দরগুলো আধুনিক করতে কাজ করে যাচ্ছি। চাঁদপুর, নারায়ণগঞ্জ, বরিশাল ও ভোলায় বন্দর উন্নয়ন কাজ করা হবে। ইতোমধ্যে বরিশাল ও পটুয়াখালীসহ বেশ কিছু বন্দরের কাজ আপডেট করেছি। আপনারা এখন চাঁদপুর থেকে সদরঘাট গিয়ে নামলে আগের চাইতে অনেক সুন্দর পরিবেশ পাচ্ছেন। আগে বলা হতো উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এখন তার বিপরীত- সদরঘাট হচ্ছে ফিটফাট।