
নিউজ ডেস্কঃ ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১৫০০ টাকা। এবং পাস মার্ক ৩০ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩০ মে) উপাচার্যদের গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভা শেষে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. ইমদাদুল হক।তিনি বলেন, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, গতবার আবেদন ফি ১,২০০ টাকা নির্ধারণ হলেও পরবর্তীতে শিক্ষার্থীদের আলাদাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হতো। এবার আর দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে না। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১০০ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে। এবং পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতার বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৭ (চতুর্থ বিষয় ছাড়া), ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬.৫ (চতুর্থ বিষয় ছাড়া) এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬ (চতুর্থ বিষয় ছাড়া) নির্ধারণ করা হয়েছে।