
নিউজ ডেস্কঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে বাড়ছে বৃষ্টিপাত। শুক্রবার (০৩ জুন) সকল বিভাগেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন- রংপুর, দিনাজপুর, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উপকূলে এখনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায় দেশের সকল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত তোলা রয়েছে। সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে। বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।