
নিউজ ডেস্কঃ উপকূলের জীবন-জীবিকা সুরক্ষা ও উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে ‘ফেইথ ইন অ্যাকশন’ আয়োজিত সেমিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রাম হবে শহর। শহরে যেমন কল ঘুরালে পানি আসে, তেমনি গ্রামেও কল ঘুরালে পানি আসবে।
রোববার (৫জুন) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে অনেকগুলো প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার কারণে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এর ফলে আড়ালে অনেক অপচয় হয়েছে। তবে, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির জন্য আমরা সারা বর্ষায় বৃষ্টির পানি ধরে রেখে, সারা শীতকাল পান করার প্রকল্প নিয়েছি। প্রধানমন্ত্রীও এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উপকূলীয় এলাকার জন্য বিশেষ বোর্ড গঠনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আমরা নতুন বোর্ড বা এ জাতীয় সংগঠন করতে আগ্রহী নই। এতে আমলাতান্ত্রিক জটিলতায় কোনো বিশেষ কাজ হয় না। উপকূলীয় অঞ্চলে স্যানিটেশনের ব্যাপারে মন্ত্রী বলেন, স্যানিটেশন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে আরও হবে।