নিউজ ডেস্কঃ আগামী দুই দিনে সারাদেশে বৃষ্টিপাত কিছুটা কমবে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলে বাড়বে তাপমাত্রা। সোমবার (৬ জুন) রাতে এমন আভাস দিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (৭ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কি.মি., যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কি.মি. পর্যন্ত বাড়তে পারে। বুধবার (৮ জুন) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।