
নিউজ ডেস্কঃ স্বপ্নের পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার দিকে সেতুর ৩১ নম্বর পিলার থেকে ৪১ নম্বর পিলার পর্যন্ত ৬১টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। রাতে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার (৪ জুন) থেকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বালন শুরু হয়েছে। মঙ্গলবার আর ৬১টি বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২৩২টি বাতি পরীক্ষা করা হয়েছে। সেতুর সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে আরও তিন-চারদিন সময় লাগবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।