
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের সমস্যা সমাধানে কোনো কার্পণ্য করবে না। তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের অবকাঠামো ও লজিস্টিক সমস্যা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ সমস্যা দূর না হওয়া পর্যন্ত পদক্ষেপ নিতে থাকবে।
বুধবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটচিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত পাঁচদিনব্যাপী চলমান রিফ্রেসার কোর্সের এক অধিবেশনে মামলা জটের কারণ ও তার সমাধানের সুপারিশ শীর্ষক দলগত উপস্থাপনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। দলগত উপস্থাপনায় ছয়টি গ্রুপে বিভক্ত ৩০ জন বিচারক মামলা জটের কারণ ও তার সমাধানের সুপারিশ তুলে ধরেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, কোর্স পরিচালক মীর মো. এমতাজুল হকসহ আইন ও বিচার বিভাগ এবং ইনস্টিটিউটের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।