
নিউজ ডেস্কঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যারা পুরোনো পরিবারের সঠিক ইতিহাস তুলে আনতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে। বুধবার (০৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগার ভবন মিলনায়তনে ‘অ্যাডভান্স আর্কাইভাল রেকর্ড ম্যানেজমেন্ট ও আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ১১ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কে এম খালিদ বলেন, আমি আমার বাবা, দাদা ও বাবার দাদা পর্যন্ত পরিবারের হিসেব খুঁজে পাই। এর আগে আর হিসেব খুঁজে পাই না। আমরা যদি পরিবারের পেছনের দিকের ইতিহাস খুঁজতে পারি তখন দেখা যাবে- ৫০০ বছর আগে আমার গ্রামের বাড়ি ছিল রাজশাহী। দেখা গেল আমার আদিপুরুষরা ছিল শ্রমজীবী। এটা অসম্ভব কিছু নয়। পারিবারিক ইতিহাস খোঁজার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা পারিবারিক ইতিহাস খোঁজা শুরু করুন। সঠিক ইতিহাস হলে তা আর্কাইভের অংশ হয়ে যাবে। কেউ যদি বলেন, ৩০০ বছরের পুরোনো ইতিহাস খুঁজে পেয়েছি। সেক্ষেত্রে সঠিক হলে তাকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানের আর্কাইভাস ও গ্রন্থাগার অধিদপ্তর মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগার পরিচালক আশরাফ ইমাম।