
নিউজ ডেস্কঃ বিএনপিকে ইঙ্গিত করে পদ্মা সেতুর পিলার ও কচুরিপানা নিয়েও অভিযোগ হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, সমালোচনা করতে হলে কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। যারা সমালোচনা করবে তারা কচুরিপানা নিয়েও করবে। যদি পিলারে কচুরিপানা আটকে যায় তাহলে তারা বলবে- এমন পিলার বানিয়েছে যে কচুরিপানা যায় না। শনিবার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘পদ্মা সেতু: দক্ষিণাঞ্চলের স্বপ্ন বুনন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর মধ্য দিয়ে অর্থনীতি ও সুখের নতুন দ্বার উন্মোচিত হলো। সেতুর কাজ শুরু হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের অনেক তথাকথিত সুশীল এটা নিয়ে নোংরা খেলায় মেতে ওঠেন। তারা বলেন, এখানে দুর্নীতি হচ্ছে, টাকা দিয়েন না। খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে আর্টিকেল দিয়ে বললেন, এটা না করাই উত্তম। বাতিল হয়ে গেল, দুর্নীতি দমন কমিশনে মামলা হলো, হয়রানির শিকার হতে হলো। এগুলোর কারণে এতো বড় প্রকল্প বাতিল হয়ে গেল। তখন সিদ্ধান্ত হলো নিজের টাকায় হবে পদ্মা সেতু। মন্ত্রী পরিষদের অনেক সদস্য, আওয়ামী লীগের অনেক নেতা, দেশের জ্ঞানী-গুণী অর্থনীতিবিদরা এমনকি তৎকালীন অর্থমন্ত্রীও বলেছিলেন নিজের টাকায় পদ্মা সেতু হবে না।