
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রের স্বজনদের হামলার প্রতিবাদে ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সব গেট আটকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে জরুরি বিভাগের গেটের সামনে বিক্ষোভও করেছেন তারা। এতে ব্যাপক ভোগান্তিতে পড়ে রোগী ও তাদের স্বজনরা। যদিও দেড় ঘণ্টা পর সিটি মেয়রের আশ্বাসে গেট খুলে দেয় ইন্টার্ন চিকিৎসকরা এবং কর্মবিরতি থেকেও সরে আসে। অপরদিকে সড়ক দুর্ঘটনায় নিহত রিয়াদের স্বজনরা হাসপাতালের সামনে নিহত রিয়াদের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে, তারাও আধাঘণ্টা পর মেয়রের আশ্বাসে অবরোধ তুলে নেয়। শনিবার (১১ জুন) দিনগত রাত সোয়া ৯টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসক।
হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. রাকিন আহম্মেদ খান বলেন, দুপুরে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে সার্জারি ১ ইউনিটে ডাক্তারদের রুমে হামলা চালায়। এসময় দুই নারী ইন্টার্ন চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং ইন্টার্ন চিকিৎসকদের মারধর করে সড়ক দুর্ঘটনায় নিহত এক রোগীর স্বজন ও বন্ধুরা। আমরা হাসপাতাল থেকে বের হলেই আমাদের উপর হামলার হুমকি দেওয়া হয়েছে। আমরা আমাদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে গিয়েছি। আমরা আমাদের কাজ ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখবো, যতক্ষণ না হামলাকারীদের গ্রেফতার না করা হয়। তবে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এসে আমাদের আশ্বস্ত করেছেন ন্যায় বিচারের জন্য। তাই আমরা ধর্মঘট থেকে সরে এসেছি।